নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৮ পিএম
জুলাই হত্যাকাণ্ডের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপনসহ বুধবার দুইজনের রিমান্ড মঞ্জুরি করেছেন আদালত, এদিন রিপনকে আদালতে হাজির করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিদের নেতৃত্বে এই মামলার ভিকটিমকে হত্যার ঘটনার সাথে জড়িত আছে বলে স্বাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, কে কে কি নির্দেশনা দিয়েছে, তাদের নাম ঠিকানা সংগ্রহ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।ৎ
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫ টায় আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।