প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৭:২৯ পিএম
চার দফায় ১৪ দিনের রিমান্ড শেষে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরর আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
চার দফায় ১৪ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়।
ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড আবেদন বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে, ২৯ মার্চ ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
এরপর মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ এপ্রিল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ মামলাতেই ৮ এপ্রিল তাকে আরও তিন দিন এবং ১২ এপ্রিল দুই দিনের রিমান্ডে পায় পুলিশ। চার দফায় ১৪ দিনের রিমান্ড ছিলেন আসামি আফজাল নাছের।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।