প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৬ পিএম
শেখ মামুন খালেদকে রবিবার পঞ্চম দফায় রিমান্ড দেন আদালত। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে পঞ্চম দফায় ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহর আদালত রবিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তাকে পাঁচ দফায় মোট ১৮ দিনের রিমান্ড দেওয়া হলো।
চতুর্থ দফায় ১৭ দিনের রিমান্ড শেষে রবিবার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশন টিমের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং পাশের এলাকায় অবস্থানরত হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।