প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ২০:০২ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ফাইল ছবি/ বাসস
হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।
রেজিস্ট্রি ডাকযোগে সোমবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, সম্প্রতি দেশে বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান কর্মসূচিতে অব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে অশুভ স্বার্থ কাজ করেছে, যা একটি অপরাধমূলক কর্মকাণ্ড।
তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং অভিযুদক্তদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, সময়মতো হামের টিকা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। সরকারের এই সিদ্ধান্ত কোটি কোটি শিশুর জীবনকে চরম মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে তিনি মনে করেন।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, সময়মতো হামের টিকা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। সরকারের এই সিদ্ধান্ত কোটি কোটি শিশুর জীবনকে চরম মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে তিনি মনে করেন।