আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি সোমবার এই আবেদন জমা দেন।
ভুক্তভোগী মশিউর রহমান মামুন জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর টানা ছয় মাস চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ওই বছরের ২৩ আগস্ট তাকে ডিবি হেফাজতে দেখানো হয় এবং দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর তিনি কারাগারে বন্দি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি বর্তমানে লন্ডনে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিচ্ছেন।
নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে মামুন বলেন, “নির্যাতনের কারণে আমি এখন অন্যের ওপর নির্ভরশীল। একসময় প্রতিদিন পাঁচ মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম, অথচ এখন ঠিকমতো হাঁটতেও পারছি না”।
অভিযোগে শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ ২২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম এখনই প্রকাশ করেননি তিনি।
মশিউর রহমান মামুন ১৯৮৫ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২০০১ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের সদস্য ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২০২৪ সালের ৪ জানুয়ারি তার ওপর হওয়া নির্যাতনের লোমহর্ষক কাহিনী নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল।