হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৫:২৭ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১৫:২৯ পিএম
ছয় দিনের রিমান্ড শেষে সোমবার শেখ মামুন খালেদকে আদালতে তোলা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর মিরপুর মডেল থানার দায়ের করা হত্যা মামলায় (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তার তৃতীয় দফায় আরও চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও আইনজীবী জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন গত ২৬ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড আদেশ আদালত। এরপর ২য় দফায় গত ৩০ মার্চ তার আরও ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত।
মামলার এজহারে বলা হয় , ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে।
এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান দেলোয়ার।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।