হাদি হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৫:২৪ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছানো হয়েছে। এ নিয়ে ১০ম বারের মতো সময় পিছিয়ে আগামী ১৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চ।
পরবর্তীতে ১২ জানুয়ারি শুনানির দিন মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চান। আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন নির্ধারণ করে।
ওইদিন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।
তদন্তভার পাওয়ার পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচার শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।
পরবর্তীতে ১৫ ডিসেম্বর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।