হত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৭:৩৩ পিএম
হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে নিচ্ছেন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার গুলশান থানাধীন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন শুনানিতে আসামিকে আদালতে হাজির করা হয়নি, আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন তথ্যটি নিশ্চিত করে।
মামলায় এজহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে।
এ সময় ভিক্টিম মো. ইমরান (৩০) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।