অর্থপাচারের অভিযোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৫:২৯ পিএম
আনিসুল হক। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশন দুদকের করা মানিলন্ডারিংয়ের একটি মামলার তদন্ত চলমান থাকায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সোমবার এ আদেশ দেন।
গত ২৯ মার্চ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম আদালতে বিদেশযাত্রা নিষেধাজ্ঞার এ আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন, আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া (জীবন)।
মামলার এজহারে অনুযায়ী, ২০২৬ সালের ১১ জানুয়ারি ভাটারা থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা সিআইডি জানিয়েছে, তারা পারস্পরিক যোগসাজশে প্রায় ২৪ কোটি ৫৩ লাখ টাকার বেশি অবৈধভাবে আদায় করে তা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন।