প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৭:৩৫ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৭:৩৯ পিএম
শারমিন জাহান খাদিজা এবং ফাহিম আল হাসান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী ফাহিম আল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত মঙ্গলবার এ নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহীদুজ্জামান গত ১৬ মার্চ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত তখন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পুনরায় রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ তারিখ ধার্য করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা অবস্থায় ফাহিমকে রাতেই ইসলামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। হত্যার রহস্য উদ্ঘাটন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, নিহত শারমিন জাহান খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে গ্রেপ্তার স্বামী ফাহিম আল হাসান ঢাকার একটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত বছরের জুন মাসে তারা পরিবারের অগোচরে বিয়ে করার পর থেকে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল।
ঘটনার দিন ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে কোনো এক সময়ে ফাহিম অজ্ঞাত সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কপালে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের চাচা মো. মনিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।