প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৭:১৩ পিএম
ডান দিক থেকে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি
ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা মানহানির এক মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত মঙ্গলবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন।
এই মামলায় গত ২১ জানুয়ারি রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।মামলার অন্য আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
মামলার বিবরণী থেকে জানা যায়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার আর যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।’
এর আগে ২০১৩ সালের ১৯ জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এ মানহানির মামলা করা হয়।
পরবর্তীতে শুনানি শেষে আদালত তিনজনকেই জামিন দেওয়ার আদেশ দেন ।