প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২১:০৭ পিএম
ফাইল ফটো
জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত) সাধন কুমার কুন্ডু এবং স্ত্রীসহ মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাধন কুমার কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আসামি পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তামর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
অপরদিকে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দ চেয়ে, পৃথক আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম ।
আবেদনে বলা হয়েছে, মো. ফরহাদ হোসেন ও অন্যান্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়, যার ফলে সূত্রস্থ অনুসন্ধান কার্য বিঘ্নিত হবে মর্মে প্রতীয়মান হয়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান একান্ত প্রয়োজন।
আব্দুর রবের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিল করা রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।
এ অবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামে মূল আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিল করা মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দকরণ এবং জব্দ পূর্বক সত্যায়িত অনুলিপি সরবরাহ প্রাপ্তির নিমিত্ত কর কমিশনারের প্রতি আদেশ দানে সদয় মর্জি হয়।