প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৭:১৭ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন। ছবি: বাসস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত দুই প্রসিকিউটর হলেন— মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন।
উপ-সলিসিটর (যুগ্মসচিব) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ৭(১) অনুযায়ী তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা উভয়ই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, রিটেইনার ফি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
মার্জিনা রায়হান নাটোর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি ২০০০ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অন্যদিকে, মোহাম্মদ জহিরুল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা এবং ২০১০ সালের ৩০ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।