প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৪:৪২ পিএম
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় সোমবার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
নিষেধাজ্ঞায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন—বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান, সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক এবং চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী।
আবেদনে বলা হয়, এসব আসামি পরস্পর যোগসাজশে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র জমা দেওয়া হয়। বর্তমানে আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত চলছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে।
তারা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।