প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৬:৪২ পিএম
শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ছবি: ফেসবুক
ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ রবিবার এই আদেশ দেন।
এদিন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি মর্মে পুলিশ প্রতিবেদন দাখিল করলে আদালত তাদের হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন। একইসঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া গত ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিরও নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে কোনও টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট রেজিস্ট্রি করেন। মামলার পর গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলা করেন।