প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭ পিএম
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। ফাইল ফটো
ঢাকার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মো. রহিম ওরফে শুটার রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া ‘শুটার’ জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তিনি জানান, মো. রহিমই ভিকটিমকে গুলি করেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনায়ও ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং অর্থ লেনদেনের উৎস উদঘাটনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে দুর্বৃত্তরা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদ (৪০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পরদিন নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।