প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩০ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয়। ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পেছানো হয়েছে।
রায়ের জন্য ২৬ জানুয়ারি নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ মামলার রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আমরা দুঃখিত। রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।’
এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৪ ডিসেম্বর। ওই দিন ট্রাইব্যুনাল বলেছিলেন, ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি হবে দ্বিতীয় রায়। রায়ের পুরো কর্যক্রম বিটিভিতে সম্প্রচার করার কথা রয়েছে।