জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১২:৩৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ১২:৪০ পিএম
শামীম ওসমান। ফাইল ফটো
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই পরোয়ানা জারি করেন।
এর আগে সকালে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
সিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে তারা আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন।
এসব অভিযোগসহ মোট ৩টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।