× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড বাতিল করে জুলাইযোদ্ধা সুরভীর জামিন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৫১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:১৫ পিএম

গাজীপুর জেলা কারাগার থেকে সোমবার রাতে মুক্তি পান জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলা কারাগার থেকে সোমবার রাতে মুক্তি পান জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভী সোমবার রাতে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।  

একই দিনে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও বিক্ষোভের মুখে সেই আদেশ বাতিল করে জামিন মঞ্জুর করেন বিচারক।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের রাত সাড়ে সাতটার দিকে সুরভীর কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

দুপুরে গাজীপুরের একটি আদালত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। এ আদেশের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে ‘জাতীয় ছাত্র শক্তি’ ও ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে কয়েকশ আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অবিলম্বে সুরভীর মুক্তির দাবি জানান এবং মুক্তি না দিলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন। একপর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা এজলাসের ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ করলে আদালত পাড়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে বিকেলে সুরভীর আইনজীবীরা পুনরায় জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে আগের রিমান্ড আদেশ বাতিল করে সুরভীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরভীর আইনজীবী আলী নাসের খান বলেন, “অতিরিক্ত দায়রা জজ আদালত আজ তাকে জামিন দিয়েছেন। আমরা প্রথমে তার রিমান্ড বাতিল চাই, পরে তাকে ৪ সপ্তাহের জামিন দেয়। আমাদের সুরভী এখন মুক্ত, কিন্তু নাইমুর রহমান দুর্জয় নামে যে বাদি তার বিরুদ্ধে মামলা করেছে তিনি এর আগে দেশ টিভির পরিচয়ে সাহসিকতার পুরস্কার নিয়েছেন।

“তবে দেশটিভি বলেছে তিনি আমাদের দেশ টিভির সাংবাদিক নন। পরে আমরা জানতে পারি তিনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক। সুরভীর ঘটনার পর তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। সুরভী যখন তার নামে মামলা করেন তখন তিনি প্রতিহিংসা থেকে মামলা করে। একটি মহল এটিকে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পর্শভাবে বলতে চাই, যারা এই জুলাই ও তার যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের মনে রাখতে হবে আবারও জুলাই নেমে আসবে।”

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সুরভীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

গ্রেপ্তারের পর সোমবার তাকে গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় সুরভী চিৎকার করে বলতে থাকেন, ‘তদন্ত ছাড়াই আমাকে রিমান্ড দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম সত্যতা যাচাই ছাড়াই অন্যায়ভাবে আমাকে রিমান্ডে পাঠানো হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা