আদালত অবমাননা অভিযোগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ফাইল ফটো
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
ফজলুর রহমান বেলা ১১টার দিকে আইনজীবীদের একটি দল সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজলসহ বেশ কয়েকজন আইনজীবী।
ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ফজলুর রহমান বলেন, আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান। তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে আদালত বলেন, আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না। এরপর আদালতের বিষয়ে মন্তব্য করার জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননা অভিযোগ থেকে অব্যাহত দিয়ে আদেশ দেন। একই সঙ্গে আদালতের বিষয়ে মন্তব্য করার জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৬ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে সোমবার (৮ ডিসেম্বর) সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যেই গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।