ধর্ম অবমাননার অভিযোগ
প্রবা প্রতিবেকদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২ পিএম
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি : সংগৃহীত
রোজা এবং পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই। সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন। যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনোই উদাহরণ হিসেবে ব্যবহার করা যায় না। আর মুসলিম ধর্মাবলম্বীরা এমন কথা গ্রহণ করবেন না। বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে।
অভিযোগে আরও বলা হয়, আসামি শিশির মনির উচ্চারিত এবং আসামি ইউটিউব চ্যানেল ডিএসএন কর্তৃক প্রচারিত (রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ) এই ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি শিশির মনির নিজে ইচ্ছাকৃতভাবে ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ উল্লেখ্য করেন। যা বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।