প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম
রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কুখ্যাত সন্ত্রাসীগ্রুপ ‘ফোর স্টার’ এর সক্রিয় দুই সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ হানিফ।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে পিস্তল দিয়ে একাধিক গুলি করে গোলাম কিবরিয়া (৫০)কে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। মামলাটি একটি নৃশংস খুনের ঘটনার মামলা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার ঘটনার সাথে আসামিরা জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মামলার ঘটনায় জড়িত অপরাপর আসামিদের নাম ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে তাদের পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের জিজ্ঞেসাবাদ করা একান্ত প্রয়োজন।
আসামি পক্ষের আইনজীবী মো. রানা শেখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, রাষ্ট্রপক্ষের জামাল উদ্দিন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গত ১৮ নভেম্বর রাতে সাভার থানাধীন বিরোলিয়া এলাকা থেকে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। একই রাতে জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা থেকে শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)-কে গ্রেপ্তার করে র্যাব-৪। গ্রেপ্তার দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনার পল্লবী থানায় দায়ের করা হত্যা মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম গোলাম কিবরিয়া মাঝে মধ্যে পল্লবী থানাধীন বিক্রমপুর হার্ডওয়্যার এন্ড স্যানিটারি দোকানে বসে তার বন্ধু মাসুদ রানা সঙ্গে কথা বলেন। গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৬ টার ৪২ এর দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গুলি করে আসামি মো. জনি ভূইয়া, সোহাগ কালু, রোকন। হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দেয় আসামি সোহেল ও মাসুম। আসামিরা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী গুলি করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতাল নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা পালানোর সময় স্থানীয় জনতার ওপর গুলিবর্ষণ করলে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।