প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৬ পিএম
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আসামিদের দায়মুক্তির আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল এবং এসএম আব্বাস।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলাকালীন পুলিশ ও সমাবেশকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ককটেল বিস্ফোরণসহ পুলিশের কিছু গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় ডিএমপির তৎকালীন বাড্ডা জোনের এসি’র ড্রাইভার ও পুলিশের কনস্টেবল মো: শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।