চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম
ফেনসিডিলের মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী ভোলা হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার (১১ আগস্ট) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত ভোলা হোসেন চৌগাছার চাঁদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ সহকারী পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ অক্টোবর দিবাগত রাতে মাসিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা মশ্যমপুর স্কুলের পেছনে অবস্থান নেয়। এ সময় মাঠের মধ্য দিয়ে রাস্তার দিকে আসার সময় ভোলা হোসেন বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করে। তার কাছে থাকা বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় ১৯৭ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বিজিবির হাবিলদার তোহরুল ইসলাম বাদী হয়ে আটক ভোলা হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ মামলা তদন্ত শেষে আসামি ভোলা হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব সরকার। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ভোলা হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ভোলা হোসেন কারাগারে আটক আছেন।