প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১২:৪৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫ ১৩:২৬ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরপরই বিনোদন জগতে ওঠে তীব্র নিন্দার ঝড়। এ ঘটনায় এরই মধ্যে অনেক তারকারাই নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিন্দা জানিয়ে বেলা ১১টা ১২ মিনিটে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।’
তিনি বলেন, ‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। ’
অপরদিকে, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও সকাল ৮টার দিকে এক পোস্টে লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’
শুধু তাই নয়, ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে খায়রুল বাসার উল্লেখ করেন, ‘নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। উনি অভিনেত্রী , উনার কাজ অভিনয় করা। কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এই উনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোন রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই।’
এদিকে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আশফাক নিপুন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।’ তিনি আরও বলেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, সেই অভিনেত্রীকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবী মামলাবাজির নাটক বন্ধ করতে হবে।’
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।
সোমবার (১৯ মে) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।