প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৩:২৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:২৭ পিএম
ফাইল ফটো
‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ২৮ (৩) ও ২৯ (২) সংশোধন করে ভুয়া চিকিৎসকের যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সাজাসহ যথাযথ জরিমানার বিধান চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য কাল (মঙ্গলবার) দিন ধার্য করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত বেঞ্চে সোমবার দুপুরে (৫ ডিসেম্বর) শুনানি হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন।
রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, স্বাস্থ্য সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।
পরে আইনজীবী জে আর খান রবিন জানান, রিট আবেদনে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ২৮ (৩) ও ২৯ (২) সংশোধন করে ভুয়া ডাক্তারের সাজা ৩ বছর ও জরিমানা এক লাখ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডসহ জরিমানা বাড়াতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে সাজা বাড়ানোর জন্য কেন সুপারিশ করা হবে না, সে মর্মেও রুল চাওয়া হয়েছে।