হাইকোর্টের আদেশ বহাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ১৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
পরে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী। এ বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।
এর আগে ৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় আদালত এ আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।
এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল।
৪ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রধান সম্পত্তি কর্মকর্তাদ্বয় ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও প্রথম তফসিল অনুযায়ী আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের অধীন, যা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর অন্তর্ভুক্ত।