প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ০৯:০৫ এএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (২৫ মে) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভারতের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত লোকসভা আসনের পাশাপাশি বিধানসভা আসনগুলোতেও ভোটগ্রহণ চলছে।
এ দফায় মোট ভোটার ১১ দশমিক ১৩ কোটির বেশি। তার মধ্যে নারী ৫ দশমিক ২৯ কোটি, পুরুষ ৫ দশমিক ৮৪ কোটি ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ হাজার ১২০ জন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ১ দশমিক ১৪ লাখ পোলিং স্টেশনে প্রায় ১১ দশমিক ৪ লাখ পোলিং অফিসার মোতায়েন করেছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)।
উত্তরপ্রদেশের ১৪, বিহারের ৮, ঝাড়খণ্ডের ৪, ওড়িশার ৬, পশ্চিমবঙ্গের ৮, হরিয়ানার ১০, দিল্লির ৭ এবং জম্মু ও কাশ্মিরের ১টি আসনে ভোট হচ্ছে।
এ দফার নির্বাচনে ৮৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তামিলনাডু, কেরালা, মেঘালয়, অন্ধ্র, আসাম, মণিপুর, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল, তেলেঙ্গানা, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, রাজস্থান, সিকিম, ত্রিপুরা রাজ্যের সবকটি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তা ছাড়া ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলেরও সব আসনেই ভোটগ্রহণ শেষ হয়েছে।
প্রথম পাঁচ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে ও ২০ মে। প্রথম ধাপে ৬৬ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় ধাপে ৬৬ দশমিক ৭ শতাংশ, তৃতীয় ধাপে ৬১ শতাংশ, চতুর্থ ধাপে ৬৭ দশমিক ৩ শতাংশ ও পঞ্চম ধাপে ৬০ দশমিক ৫ শতাংশ ভোটারের ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে।
এখন পর্যন্ত ৩৬টির মধ্যে ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৪৩টির মধ্যে ৪২৮টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।
ভারতের ২০২৪ সালের সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল, যার শেষ ধাপের ভোটগ্রহণ হবে ১ জুন।
৪ জুন সব ধাপের লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস