প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪ ২০:০১ পিএম
গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে ছাত্ররা যে আন্দোলন চালিয়ে আসছে সে বিষয়ে কর্তৃপক্ষের ব্যর্থতার নিন্দা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিখ্যাত শেলডোনিয়ান থিয়েটার প্রবেশমুখে ‘মৃত্যুর প্রতিবাদ’ শিরোনামে ওই কর্মসূচি পালন করা হয়। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষার্থীকে লাথি মেরে চলে যেতে বলেন একজন নিরাপত্তাকর্মী।
গাজায় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ এবং ইসরায়েলের যুদ্ধ থেকে লাভবান কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নের দাবিতে গেল ১৩ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শেলডোনিয়ান থিয়েটার বিভিন্ন ফ্যাকাল্টির সমাবর্তন অনুষ্ঠিত হয়ে থাকে। এ থিয়েটারের প্রবেশমুখে ‘রক্তমাখা’ জামা পরে শুয়ে পড়েন বিক্ষুব্ধরা। তাদের কেউ কেউ থিয়েটার ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে যান। তাদের টিশার্টে লেখা ছিল ‘রক্তাক্ত তোমার হাত’।
আয়োজকরা বলেন, তারা একেকজন হাজার হাজার ফিলিস্তিনির মুখপাত্র যাদের জীবন এবং ভবিষ্যৎ ইসরায়েলি বাহিনীর গণহত্যার কারণে বিধ্বংস্ত। পদ্ধতিগতভাবে গাজার বিশ্ববিদ্যালয়গুলো এবং সব শিক্ষা কার্যক্রম ইসরায়েলি বাহিনী ধ্বংস করলেও এ বিষয়ে অ্যাকাডেমিক কমিউনিটির নীরবতার নিন্দাও জানিয়েছে তারা।
গাজায় গেল ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫ হাজার ৪৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭৯ হাজার ৪৭৬ জন। অন্যদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৩৯ জন ইসরায়েরি।
এদিকে আগামী ৮ জুনের মধ্যে গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনা প্রদানে ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধ শেষ হলে অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য সংসদকে ছয় দফা সংবলিত একটি পরিকল্পনা তৈরির আহ্বান জানান।
অন্যদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ প্রমাণে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। রবিবার (১৯ মে) গাজার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও আকাশপথের অভিযানে আরও ৩১ জন নিহতের মধ্যেই তার এ আহ্বান এলো।