× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানে আবারও কয়েক ডজন ভূমিকম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১০:৫২ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১১:১৫ এএম

ভূমিকম্পে আংশিক ধসে পড়া ভবন। ২০২৪ সালের ৩ এপ্রিল পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে আংশিক ধসে পড়া ভবন। ২০২৪ সালের ৩ এপ্রিল পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েনে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পবিধ্বস্ত তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে সোমবার (২২ এপ্রিল) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কয়েক ডজন ভূমিকম্প হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

৩ এপ্রিল হুয়ালিয়েনে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৪ জন নিহত হয়। তখন থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১ হাজারের বেশি আফটারশক অনুভূত হয়েছে।

রাজধানী তাইপেসহ তাইওয়ানের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অংশের ভবনগুলো রাতভর দুলছিল। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রায়  সব ভূমিকম্পই ছিল দুর্বল।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সোমবার বিকালে শুরু হওয়া ভূমিকম্প ৩ এপ্রিলের ভূমিকম্পের আফটারশক ছিল।

ভূমিকম্প কেন্দ্রের পরিচালক উ চিয়েন-ফু সাংবাদিকদের বলেন, ‘চলতি সপ্তাহে পুরো তাইওয়ানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় হুয়ালিয়েনের বাসিন্দাদের আরও বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

হুয়ালিয়েন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুটি ভবন ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তা খালি করে ফেলা হয়। সোমবারের আফটারশকের ফলে ভবন দুটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ও হেলে পড়েছে।

হুয়ালিয়েনে পাথর পড়ে কিছু রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবারের জন্য সরকার স্কুল ও কাজ স্থগিত করেছে।

তাইওয়ান দুটি ট্যাকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পে ১০০ জনের বেশি নিহত হয়েছিল। ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা