× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরান খানের ওপর হামলা : সংশ্লিষ্টতা প্রমাণ হলে পদত্যাগ করবেন শাহবাজ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ২২:১১ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ২৩:৩০ পিএম

ইমরান খানের ওপর হামলা : সংশ্লিষ্টতা প্রমাণ হলে পদত্যাগ করবেন শাহবাজ

পাকিস্তানের জন্য এ ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। তারপরও দেশটির চলমান উত্তপ্ত অবস্থাকে ‘জানু ভাঙা’ সময় বলা যায়। এটি এমন এক সময়, যখন কোথায় কী ঘটছে, কে কী বলছে বা করছে তার নিখুঁত চিত্র পাওয়া কঠিন। 

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার দুদিন পরও কোনো মামলা নেয়নি পুলিশ। অন্যদিকে হামলা-পরবর্তী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে সারা পাকিস্তানে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন ইমরান খানের সমর্থকরা। 

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী পিটিআইয়ের নেতাকর্মীরা শনিবার বিকাল ৫টা থেকে পাকিস্তানের প্রধান শহরগুলোয় বিক্ষোভ শুরু করেন। পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী পাঞ্জাবের মুজাফফরনগরের ছেনাব ব্রিজে জড়ো হন। সেখানে তারা মহাসড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল চরম ব্যাহত হয়। 

বিক্ষোভ দমনে নানা শহরে শত শত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি প্রশাসন সারা শহরে বিপুল সংখ্যক নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষ বাহিনীর সদস্যদেরও মোতায়েন করেছে। 

একই প্রদেশের বাহাওয়ালপুর শহরেও একই দিন বিকাল থেকে পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করেন। তা ছাড়া লাহোর, রাজধানী ইসলামাবাদ, করাচি, ফায়সলাবাদসহ বিভিন্ন শহরে আগের দিনের মতো বিক্ষোভ হয়েছে। 

করাচিতে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। 

তবে আগের দিন গত শুক্রবার কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পিটিআইয়ের অভিযোগ, তাদের অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

পিটিআই নেতাদের বিরুদ্ধে মামলা

লংমার্চে অংশগ্রহণকারী পিটিআইয়ের কিছু শীর্ষ নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা বা এফআইআর করেছে ইসলামাবাদ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 

এফআইআরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় পিটিআই নেতা আমির মেহমুদ কায়ানি, আলি আহমেদ আওয়ান, ওয়াসিফ কাইয়ুম, চৌধুরী শোয়েব এবং অন্যদের নেতৃত্বে প্রায় ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী ফৈজাবাদের দিকে অগ্রসর হচ্ছিল এবং তারা পুলিশ ও এফসি কর্মীদের আক্রমণ করার জন্য দলীয় কর্মীদের উসকানি দিয়েছিল। 

পিটিআইয়ের মামলা নেয়নি পুলিশ

হামলার দুদিন পেরিয়ে গেলেও পিটিআইয়ের কোনো মামলা নেয়নি পুলিশ। সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি অভিযোগ করে বলেন, ওয়াজিরাবাদে আমাদের লংমার্চে যে হামলা হয়েছে, তা নিয়ে মামলা করার জন্য আমরা অসংখ্যবার চেষ্টা করেছি। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। উল্টো আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আটক করছে। মামলা না নেওয়ায় পাঞ্জাব পুলিশের হাত বাঁধা বলেও মন্তব্য করেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী। 

তদন্ত শুরু হয়েছে

পিটিআইয়ের চেয়াম্যানের ওপর হামলার ঘটনায় দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) তদন্ত শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে। এতে বলা হয়, সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, প্রধান অভিযুক্ত নাভিদকে ইতোমধ্যে সিটিডির হেফাজতে নেওয়া হয়েছে। সিটিডিসহ অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জেরা করছেন। 

সূত্রগুলো আরও জানিয়েছে, নাভিদের পলিগ্রাফ পরীক্ষা করা হবে। এতে করে তার শরীরের শ্বাস-প্রশ্বাসসহ নানা কিছুর পরিবর্তন যাচাই করে দেখা যাবে। লংমার্চে হামলার ঘটনায় সিটিডি বা হামলাস্থল ওয়াজিরাবাদের কোনো একটি থানায় সময়মতো একটি মামলা করা হবে। 

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লাহোরে এক দীর্ঘ সংবাদ সম্মেলন করেন। ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়ে শাহবাজ শরিফ বলেন, ইমরান খান ও তার পার্টি হামলার জন্য যেসব গালগল্প ছড়াচ্ছেন, তা অত্যন্ত ভয়ংকর। এ হামলার সঙ্গে আমার সম্পৃক্ততার এককণা পরিমাণ প্রমাণও হাজির করতে পারলে আমি পদত্যাগ করব। 

অন্যদিকে পাঞ্জাব পুলিশের মামলা না নেওয়াটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি তদন্ত করার জন্য আমি প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালকে একটি পূর্ণাঙ্গ কোর্ট গঠন করতে অনুরোধ করেছি। 

ইতঃপূর্বে হামলার পেছনে তিন ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেছেন ইমরান খানসহ তার দলের শীর্ষ নেতারা। এ তিন ব্যক্তি হলেন-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। অনেকে এ কর্মকর্তার নাম মেজর জেনারেল ফায়সাল বলে উল্লেখ করেছেন। তবে খানের লংমার্চে সেনাবাহিনীকে জড়ানো অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে শুক্রবার রাতে এক বিবৃতি দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আগাম নির্বাচন ও প্রধানমন্ত্রী শাহবাজের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবর রাতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে দ্বিতীয় লংমাচ শুরু করে পিটিআই। লংমার্চের নেতৃত্ব দিচ্ছিলেন দলিটির ৭০ বছর বয়সি চেয়ারম্যান ইমরান খান। সাত দিনের মাথায় বৃহস্পতিবার লংমার্চটি পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহু চক নামক স্থানে থামে। 

সেখানে একটি পিকআপ ভ্যান থেকে ভাষণ দেওয়ার আগ মুহূর্তে এক অস্ত্রধারী ইমরান খানকে লক্ষ করে গুলি শুরু করেন। এতে খানের ডান পায়ের গোড়ালিতে একটি গুলি লাগে। গুলি লাগে তার দলের আরও তিন নেতার গায়ে। তারা সবাই শঙ্কামুক্ত। কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রধারীকে আটক করেছে। পরে আটক ব্যক্তির এক ভিডিও জবানবন্দি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অভিযুক্ত ওই ব্যক্তি দাবি করেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন, যা তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন। শুধু ইমরান খানকে হত্যা করতেই তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।

পাঞ্জাব পুলিশের দাবি, ওই ভিডিও জবানবন্দি ভুয়া নয়। এটা সত্যিই ওই অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি। কিন্তু পিটিআইয়ের মুখপাত্র ফুয়াদ চৌধুরীর দাবি, ‘ইমরান খানের হত্যাচেষ্টা পরিকল্পিত। ইমরান খানকে হত্যা করতেই তা করা হয়েছে। হামলায় দুই ব্যক্তি গুলি চালিয়েছেন।’ 

ইমরান খান এখনও লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার এক দিন পর শুক্রবার রাতে হাসপাতাল থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রায় ঘণ্টাখানেকের ভাষণে তিনি নিজের ওপর হামলা, পাকিস্তানের রাজনীতি, রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা ইত্যাদি নিয়ে কথা বলেন। গতকাল পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর জানান, দুদিন পর ইমরান খানকে বাসায় নেওয়া হবে। তিনি সুস্থ হলেই লংমার্চ ফের শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা