প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম
রামমন্দির উদ্বোধনের দিন ২২ জানুয়ারি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংহতি মিছিল করেছে তৃণমূল। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর প্রদেশের অযোধ্যায় নির্মাণাধীন রামমন্দির উদ্বোধন করেছেন। রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করেছে তৃণমূল ও বামপন্থিরা।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার (রামের শিশুকাল) বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ নিয়ে যখন সারা দেশের অধিকাংশ রাজ্যই উদ্বেল, বহু রাজ্য দিনভর ছুটি ঘোষণা করেছে, তখন সেই স্রোতের বিপরীতে হেঁটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটে পুজো দিয়ে হাজরা পার্ক থেকে স্থানীয় সময় বেলা ৩টার দিকে সংহতি মিছিল শুরু করেন মমতা। সংহতি মিছিল নিয়ে তিনি কয়েকটি মসজিদ, শিখদের গুরুদুয়ারা এবং গির্জায় যান। মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে একটি সভায় বক্তৃতা করার কথা রয়েছে মমতার।
মমতার মিছিল ছাড়াও সোমবার কলকাতাজুড়ে প্রায় ৬০টি মিছিল এবং জমায়েত হচ্ছে। ধর্মীয় মিছিল যেমন রয়েছে, তেমনই রয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী কর্মসূচিও। দুপুরে প্রায় ২০০টি বামপন্থি গণসংগঠন ‘ফ্যাসিবাদবিরোধী’ মিছিল করেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন