প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৫ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৬ পিএম
ভিক্টোরিয়া শহরে উদ্ধার কাজ চালাচ্ছেন এক উদ্ধারকর্মী। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়ায় হাজার হাজার পরিবার বিদ্যুতহীন হয়ে পড়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের ছুটি এবং পরের দিন মঙ্গলবার হতাহতের এসব ঘটনা ঘটেছে ।
নিহতদের মধ্যে একজন নয় বছর বয়সী মেয়েও ছিলো বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝড়ে মূলত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবারও সেখানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
কুইন্সল্যান্ডের জিম্পি শহরের মেয়র গ্লেন হার্টউইগ বলেন, বড়দিনের সময় এই ধরনের দুর্ঘটনা এই অঞ্চলে বসবাসকৃত পরিবারগুলোর জন্য খুবই দুঃখজনক।
জানা গেছে, ভয়াবহ বজ্রপাতের কারণে ব্যাপক শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হয় আক্রান্ত অঞ্চলে। ফলে স্থানীয় নদীগুলো প্লাবিত হয়েছে। বাতাসের কারণে ছাদ ভেঙ্গে পড়েছে।
কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলের মোটরটন উপসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ জন সমুদ্রে ডুবে যান। তাদের মধ্যে ৩ জন ডুবে মারা যান। আটজনকে পানি থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
কুইন্সল্যান্ডের কমিশনার ক্যাটারিনা ক্যারল বলেন, আবহাওয়ার কারণে বিগত ২৪ ঘণ্টা আমাদের জন্য খুবই কঠিন ছিলো।
আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে যে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলো এখনো ভয়াবহ ঝড়, প্রাণঘাতী বন্যা, শিলাবৃষ্টি এবং ক্ষতিকারক বাতাসের ঝুঁকিতে রয়েছে।
কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানী এনার্জিক্স জানিয়েছে, ১ হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙ্গে গিয়েছে। প্রায় ৮৬,০০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হতে আরও কিছু সময় লাগতে পারে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবারসন্ধ্যায় ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্ন থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে বুচনের একটি অঞ্চলিক ক্যাম্পগ্রাউন্ডে আকস্মিক বন্যার পর এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রায় কাছাকাছি অঞ্চলে গাছের নিচে চাপা পড়েও মারা গেছে আরও দুইজন।
সূত্র : আলজাজিরা, রয়টার্স