প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১২:০২ পিএম
চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
ইউক্রেনে আরও ৩ হাজার চেচেন যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছেন রমজান কাদিরভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির সীমান্তরক্ষী বাহিনীর একটি ইউনিট হিসেবে কাদিরভের নতুন বাহিনী ইউক্রেন রণাঙ্গনে যুদ্ধ করবে। সোমবার (২৭ নভেম্বর) সামাজিক মাধ্যম টেলিগ্রামে তিনি এ ঘোষণা দেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত আস্থাভাজন কাদিরভ চেচনিয়ার প্রেসিডেন্ট। চেচনিয়া রুশ ফেডারেশনের একটি প্রজাতন্ত্র।
সোমবার এক টেলিগ্রাম পোস্টে কাদিরভ লেখেন, এ যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার। লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেকেই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।
গত মে মাসে কাদিরভ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীতে মোট ২৬ হাজার চেচেন সেনা পাঠানো হয়েছে। এ সেনাদের মধ্যে প্রশিক্ষিত সেনা সদস্যের সংখ্যা ১৪ হাজার। স্বেচ্ছাসেবী সেনা ১২ হাজার।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এতে দফায় দফায় যোগ দেয় কাদিরভের বাহিনী। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধেও চেচনিয়া ও তাতার মুসলমানদের কিছু সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে।
সূত্র : রয়টার্স