গাজায় যুদ্ধবিরতির ডাক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১০:৫৩ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ১১:৪৬ এএম
গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্বজুড়ে বিক্ষোভ হচ্ছে। ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতির জন্য বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি প্রস্তাব উত্থাপন করেছিল। একই দিন রাশিয়া একই ইস্যুতে নিজেদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে। কিন্তু পরস্পরের বিরোধিতার কারণে তা বাতিল হয়ে গেছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বুধবার (২৫ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তৃতীয়বারের মতো বৈঠক হয়। বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে গাজায় ‘মানবিক বিরতি’র কথা বলা হয়। সেই সঙ্গে ইসরায়েলের নাম উল্লেখ না করে বলা হয়, সব দেশের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। তারা এতে ভেটো দেয়। তা ছাড়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় অস্থায়ী সদস্যদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
চীন ও রাশিয়ার মতে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে যুদ্ধবিরতির কথা বলা হয়নি। সেই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার বিষয়ে প্রস্তাবটিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
আর সংযুক্ত আরব আমিরাত বলেছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জীবন একই চোখে দেখা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে নয়টি দেশ ভোট দিয়েছে। দেশগুলো হলো—যুক্তরাজ্য, ফ্রান্স, আলবেনিয়া, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা ও সুইজারল্যান্ড।
ব্রাজিল ও মোজাম্বিক ভোটদানে বিরত ছিল।
এরপর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে গাজায় অবিলম্বে মানবিক কারণে ‘যুদ্ধবিরতি’র দাবি জানায় মস্কো এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার ইসরায়েলি আদেশ বাতিলের আহ্বান জানানো হয়। কিন্তু প্রথম প্রস্তাবের মতো রাশিয়ার এ প্রস্তাবটি যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হয়।
রাশিয়ার প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন।
আর ভোটদানে বিরত ছিল ফ্রান্স, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিক।
রাশিয়া প্রথম প্রস্তাবটি উত্থাপন করেছিল ১৬ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর ব্রাজিলও গাজায় যুদ্ধবিরতি চেয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। সেটাও পাস হয়নি।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ পাঁচটি—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। অস্থায়ী সদস্য ১০। সবার ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হওয়ার জন্য ন্যূনতম ৯ ভোট লাগে। তবে কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে ৯ ভোট বা তার বেশি ভোট পেলেও কোনো প্রস্তাব পাস হতে পারে না।
সূত্র : আলজাজিরা, ওয়াফা