প্রবা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১২:১৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১২:২৬ পিএম
ওলেনিভকা কারাগারের একটি ভবনের বাইরে পাহারারত একজন নিরাপত্তারক্ষী।
ইউক্রেনের কর্মকর্তারা রেড ক্রসকে দেশটির রাশিয়া-অধিকৃত পূর্বাঞ্চলের একটি কুখ্যাত কারাগার পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক রেড ক্রসকে (আইসিআরসি) তিন দিনের মধ্যে দোনেৎস্কর ওলেনিভকা কারাগার পরিদর্শনের দাবি জানিয়েছেন।
তিনি এক টুইটবার্তায় বলেছেন, ‘আমরা আর বেশি সময় নষ্ট করতে পারি না। কারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে আছে।’
সেপ্টেম্বরে ওই কারাগারে প্রবেশাধিকার চেয়েছিল রেড ক্রস। কিন্তু রাশিয়ান কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি।
ওলেনিভকা কারাগারটি ২০১৪ সাল থেকে দোনেৎস্কর রাশিয়া-সমর্থিত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে জানা গেছে।
জুলাইয়ে ওই কারাগারে বিস্ফোরণে কয়েক ডজন ইউক্রেনীয় বন্দি নিহত হন।
কিয়েভ বলেছে, ওই বিস্ফোরণটি ঘটানো হয়েছে রাশিয়া কর্তৃক নির্যাতন ও হত্যার প্রমাণ নষ্ট করার লক্ষ্যে। অন্যদিকে, মস্কো ইউক্রেনীয় রকেট হামলাকে ওই বিস্ফোরণের জন্য দায়ী করেছে।
কারাগারটিতে আটকদের মধ্যে রয়েছেন আজভ ব্যাটালিয়নের সদস্যরা, যারা মারিউপোল শহরের শেষ রক্ষাকারী এবং যাদের রাশিয়া নব্য-নাৎসি ও যুদ্ধাপরাধী হিসেবে চিত্রিত করেছে।
এই প্রথমবার নয় যে, ওই কারাগারে কী চলছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর চাপ প্রয়োগ করেছে।
ইয়ারমাক বলেন, তিনি আইসিআরসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের সময় বিষয়টি আবার উত্থাপন করেছিলেন।
তিনি আগামী সোমবারের মধ্যে ওই কারাগার পরিদর্শন করার দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এ আহ্বানের সমর্থন জানিয়েছিলেন এবং রেড ক্রসকে নিষ্ক্রিয়তার জন্য অভিযুক্ত করেছিলেন।
তিনি বলেছিলেন, এটি তাদের নৈতিক দায়িত্ব ৷
বৃহস্পতিবার তার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন ‘রেড ক্রস ক্লাব নয় যেখানে কেউ বেতন পান এবং জীবন উপভোগ করেন।’
তিনি বলেন, বন্দিশিবিরে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) অনুরূপ একটি মিশন সংগঠিত হতে পারে।
প্রবা/জিজি/জেও