প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৮:৪৬ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সোমবার (৭ আগস্ট) দেখা করতে পেরেছেন তার আইনজীবীরা। পিটিআই নেতার দণ্ডের বিরুদ্ধে আপিল করার আগে তার সঙ্গে দেখা করেন তারা। খবরটি সম্পর্কে নিশ্চিত করেছেন তার এক আইনজীবী।
গত বছর অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকা। একদিকে অর্থনৈতিক সংকটে ভুগছে দেশটি। অন্যদিকে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। সবমিলিয়ে পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রটিকে নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
গত শনিবার লাহোর শহরে ইমরান খানকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হয় রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত অ্যাটক কারাগারে।
মূলত ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের জন্য ছিটকে পড়েছেন রাজনীতি থেকে। ইমরান খানের দাবি, পুরো অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জহুতা সোমবার বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য দুপুর সাড়ে ১২টায় সময় দিয়েছিলেন।’
ইমরান খানকে দোষী সাব্যস্ত করা তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী যাতে কারাগারে ভালোভাবে থাকতে পারেন, সে আবেদন জানানো হচ্ছে পিটিআই নেতার আইনি দলের পক্ষ থেকে।
পাঞ্জহুতার দাবি, ইমরান খানতে তৃতীয় শ্রেণির বন্দি হিসেবে রাখা হয়েছে। তাকে প্রথম শ্রেণির কারা প্রকোষ্ঠে নেওয়া উচিত। কারণ রাজনৈতিক বন্দিরা টেলিভিশন, সংবাদপত্র এবং বইয়ের মতো সুবিধাগুলো পায়। সূত্র : রয়টার্স