× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বললেন কানাডার আদালত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২০:১১ পিএম

বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন বললেন কানাডার আদালত

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে আবারও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করলেন কানাডার আদালত। এ নিয়ে কানাডার আদালতে পঞ্চমবারের মতো বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হলো।

মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামে এক বিএনপিকর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ করে দেন দেশটির ফেডারেল কোর্ট। রায়ে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি এমন দলের সঙ্গে যুক্ত ছিলেন, যেই সংগঠন বলপ্রয়োগ ও সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করছে।
 
সবশেষ ১৫ জুন একটি জুডিসিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তিকালে আদালতের বিচারক বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন। বিএনপির ওই কর্মীর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করে দেওয়ার বিরুদ্ধে জুডিসিয়াল রিভিউটি করা হয়।
 
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন মোহাম্মদ জিপসেদ ইবনে হক। সেই রায় রিভিউতে দেশটির ফেডারেল কোর্টের রায়ে উল্লেখ আছে, আবেদনকারী ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ বিএনপিকে এমন একটি সংগঠন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে, যারা বলপ্রয়োগ ও নাশকতায় জড়িত থেকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।
 
রায়ে বলা হয়, কানাডার অভিবাসন ও উদ্বাস্তু সুরক্ষা আইন ৩৪ ধারায় আবেদনকারীকে কানাডায় বসবাসের অযোগ্য হিসেবে রায় দেওয়া হয়। এই ধারার অধীনে দেখা যায়, সেসব ব্যক্তি কানাডায় আশ্রয়ের অযোগ্য বলে বিবেচিত হবে, যারা যেকোনো সরকারের বিরুদ্ধে বলপ্রয়োগের সঙ্গে সরাসরি কিংবা প্ররোচনায় জড়িত বা একটি গণতান্ত্রিক সরকার, প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার বিরুদ্ধে বিদ্রোহের কাজে জড়িত বা সরাসরি সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল।

ফেডারেল কোর্টের এই রিভিউয়ের মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়, ২০১৮ সালে মাসুদ রানা ও ২০২২ সালে সেলিম নামে বিএনপির অপর দুই কর্মীর রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা নাকচ করে দেওয়ার বিষয়টি। সে সময়ও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই দুই বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা বাতিল করা হয়।
 
এর আগে ২০১৭ সালে মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর ফেডারেল কোর্টে এই রিভিউর আবেদনে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন অভিধা দেওয়া হয়। ২০১৮ সালের জানুয়ারিতে বিএনপির কর্মী হিসেবে মো. মোস্তফা কামাল নামে এক ব্যক্তি আশ্রয় চাইলে দ্বিতীয় দফায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। সে বছর অক্টোবরে মাসুদ রানা, এরপর ২০২২ সালে ছাত্রদল কর্মী সেলিম বাদশার অভিবাসন নাকচ করার সময়ও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কানাডার আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা