পাকিস্তানে বোমা হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১০:০৭ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১০:৫৫ এএম
হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ৩০ জুলাই ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রবিবারের আত্মঘাতী বোমা হামলার জন্য ইসলামিক স্টেটের স্থানীয় গ্রুপ তেহরিকই-ই-তালিবান-ই পাকিস্তানকে (টিটিপি) সন্দেহ করেছে দেশটির পুলিশ। বোমা হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি বেশ তৎপর। তারাই জমিয়তে উলামায়ে-ই-ইসলাম (জেইউআই-এফ)-এর সমাবেশে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সশস্ত্র গ্রুপটি কট্টরপন্থি জেইউআই-এফকে যথার্থ ইসলামী দল মনে করে না। আগেও তারা এ দলের ওপর হামলা চালিয়েছে।
জেইউআই-এফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের অংশ। কাগজে-কলমে কট্টরপন্থি হলেও মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা জোট করে থাকে।
জাতীয় নির্বাচন সামনে রেখে কার্যক্রম শুরু করেছে জেইউআই-এফ। তারই অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) খাইবার পাখতুনখোয়ার খার শহরে একটি র্যালির আয়োজন করা হয়। সমাবেশস্থলে জড়ো হয় দলটির প্রায় ৫০০ সমর্থক। রবিবার বিকালে র্যালি শুরুর আগে মঞ্চের পাশে এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালায়। ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানে ইতঃপূর্বে বেশকিছু বোমা হামলার দায় স্বীকার করেছে টিটিপি। আফগানিস্তানের তালেবান টিটিপিকে শত্রু মনে করে।
সূত্র : গার্ডিয়ান