মদপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৩:০৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৩:০৮ পিএম
নিউজিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালান। ছবি : সংগৃহীত
মদপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনার দায়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের আইনমন্ত্রী কিরি অ্যালান।
৩৯ বছর বয়সি এই মন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং প্রভাব খাটিয়ে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ আনা হয়েছিল।
রবিবার (২৩ জুলাই) রাতে দেশটির রাজধানী ওয়েলিংটনে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রী কিরিকে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে। এরপর তিনি প্রভাব খাটিয়ে মুক্তি পান।
আগামীকাল তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
এদিকে, কিরি ‘চরম মানসিক যন্ত্রণায়’ ভুগছিলেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
ক্রিস হিপকিন্স একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি বুঝতে পেরেছিলেন যে, তার মন্ত্রীত্ব বহাল রাখা অসম্ভব, বিশেষ করে যখন একজন আইনমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে ওঠে।’
কিরি অ্যালান নিউজিল্যান্ডের আঞ্চলিক উন্নয়ন, সংরক্ষণ এবং জরুরী ব্যবস্থাপনার মন্ত্রীও ছিলেন।
সম্প্রতি তিনি ‘ব্যক্তিগত সমস্যার’ কারণে ছুটি নিয়েছিলেন এবং ছুটি শেষে গত সোমবার কাজে ফিরেছিলেন।
ব্যক্তিগত সমস্যা বলতে কিরি’র সঙ্গে গত মাসে তার সঙ্গীর বিচ্ছেদ নিশ্চিত হয়।
গত সোমবার এক বিবৃতিতে কিরি বলেছিলেন, তিনি পার্লামেন্টে ফিরে এসেছিলেন এই বিশ্বাসে যে, তিনি তার চাকরির ব্যস্ততার সঙ্গে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন।
কিরি অ্যালানকে এক সময় লেবার পার্টির ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। এমনকি তাকে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের উত্তরসূরি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
সূত্র : বিবিসি