প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:২৬ পিএম
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ওম প্রকাশ রাজভর। ছবি : সংগৃহীত
ভারতে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের অঙ্ক কষে বিজেপি বিরোধী দলগুলো একজোট হচ্ছে।
পাটনার পর আগামী সপ্তাহে বেঙ্গালুরুতেও বৈঠকে বসার কথা বিরোধী দলগুলোর। সেই বৈঠকে থাকবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে হাত না মিলিয়ে একাই লড়েছিলেন অখিলেশ। জয় অবশ্য অধরাই থেকেছে।
তবে লোকসভা নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোটে আসার বিষয়ে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে সমাজবাদী পার্টি। তবে বেঙ্গালুরুর বৈঠকের আগেই জোর ধাক্কা খেল অখিলেশের দল।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির জোট সঙ্গী সুহেলদেবের ভারতীয় সমাজ পার্টি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএতে যোগ দিয়েছে।
এবিএপির প্রধান ওম প্রকাশ রাজভরের সঙ্গে নিজের ছবি পোস্ট করে টুইটও করেন অমিত শাহ।
অমিত শাহ টুইটে লেখেন, ‘দিল্লিতে ওম প্রকাশ রাজভরের সঙ্গে বৈঠক হল। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে চেয়েছেন তিনি। আমি তাকে এনডিএ পরিবারে স্বাগত জানাতে চাই। রাজভরের এনডিএতে যোগদান উত্তরপ্রদেশে আমাদের জোটকে আরও শক্তিশালী করবে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ মানুষের জন্য যে কাজ করতে চায়, তা আরও গতি পাবে।’
রাজভরের দল এর আগেও এনডিএতে ছিল। রাজভর নিজে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সম্প্রতি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের সঙ্গে দেখা করেন রাজভর। তারপরই তার দলের এনডিএতে প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সেই সময় রাজভর এবং তার দলের সাধারণ সম্পাদক অরুণ দাবি করেছিলেন, এটা ব্যক্তিগত সাক্ষাৎ। রাজনীতির সঙ্গে এর যোগ নেই।
এদিকে উত্তরপ্রদেশের অন্য উপমুখ্যমন্ত্রী কেসব প্রসাদ মৌর্য সম্ভাব্য জোট নিয়ে বলেছিলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
মনে করা হচ্ছে, গাজীপুর থেকে রাজভরের ছেলেকে লোকসভা নির্বাচনে টিকিট দিতে চায় বিজেপি।
অন্যদিকে, যোগী রাজভরকে মন্ত্রী করতে ইচ্ছুর গেরুয়া শিবির। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, লোকসভায় ৩ থেকে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে এসবিএসপি।
তবে কোন অঙ্কে রাজভর জোট বদল করলেন, তা লোকসভা নির্বাচনের আগেই বোঝা যাবে।
সূত্র : জি নিউজ