প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১২:৫৯ পিএম
যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান। গত মার্চে তোলা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। অন্যদিকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনেরও সমালোচনা করেছে দেশটি।
১০ জুলাই উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান সম্প্রতি কয়েকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এটা অব্যাহত থাকলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের এসব গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিতও করা হতে পারে।
অন্যদিকে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপের কাছে একটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ করেছে পিয়ংইয়ং। দেশটির শঙ্কা, এ পদক্ষেপ পারমাণবিক সংঘাত উস্কে দিতে পারে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত এপ্রিলে ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উল্লিখিত সাবমেরিনটি দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করার বিষয়ে তারা সম্মত হন। তবে তা কখন করা হবে তা তখন চূড়ান্ত করা হয়নি।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) দাবি, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা উত্তর কোরিয়ার পাশাপাশি আঞ্চলিক শান্তির জন্য গুরুতর হুমকি তৈরি করছে। এ অবস্থায় অপ্রত্যাশিত কিছু ঘটলে যুক্তরাষ্ট্রকেই দায় নিতে হবে।
উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের এ পদক্ষেকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন। তিনি কেসিএনএকে বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ কোরীয় উপদ্বীপকে পারমাণবিক সংঘাতের কাছাকাছি নিয়ে আসছে।
সূত্র : আলজাজিরা, রয়টার্স