প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১০:০৬ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১১:২৯ এএম
গত বছর আবিদজানে এক ভূমিধসের ঘটনার পর উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত
আফ্রিকার দেশ আইভরি কোস্টের শহর আবিদজানে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ মৃতের এই গণনা শুধু শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপপ্রধান অ্যানিসেট বাহ এএফপিকে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী ও বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগগনে ৯ ও কোকোডি-আংরে জেলায় একজন মারা গেছেন।’
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দেশটির শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ইয়োপোগনে ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হন। একই এলাকায় দ্বিতীয় আরেকটি ভূমিধসে এক শিশুসহ আরও চারজন নিহত হন এবং আহত হন অন্তত সাতজন।
ইয়োপোগন থেকে খানিকটা দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি খুঁজে পায়। এ ছাড়া সেখানে আরও তিনজন ভেসে গেছে। খুঁজে পাওয়ার আশা নেই বলে তাদের সন্ধান অভিযান বাতিল করা হয়েছে।
আইভরি কোস্টে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে ইয়োপোগনে এক ভূমিধসের ঘটনায় তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছিল।
আইভরি কোস্টে প্রতিবছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়। গত মাসেও এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আবহাওয়াসংক্রান্ত ঘটনায় দেশটিতে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস