প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২২:১২ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ২২:২২ পিএম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা হবে বোকামি। কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটার প্রভাব এত ব্যাপক যে তা সহজে অন্য কিছু দিয়ে পূরণ করা যাবে না।
শনিবার (১ জুলাই) যুক্তরাজ্যের ডিচলি ফাউন্ডেশনের এক বক্তৃতায় সিআইএপ্রধান উইলিয়াম বার্নস এসব কথা বলেন।
বার্নস বলেন, ’বিশ্বের মধ্যে চীনই একমাত্র দেশ যেটার অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক ও প্রযুক্তি খাতে প্রভাব বিস্তারের পাশাপাশি বিশ্ব ব্যবস্থা ঢেলে সাজানোর মনোভাব রয়েছে। তাই দেশটির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার চিন্তাভাবনা ঠিক হবে না। তা হবে বোকামি। তা না করে আমাদের সরবরাহ চেইনকে বহুমুখী করতে হবে। তাহলে চীনের ওপর নির্ভরশীলতা কিছুটা হলেও কমবে।’
সিআইএপ্রধান বলেন, ’বর্তমান বিশ্ব পরস্পরের ওপর যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি নির্ভরশীল। কিন্তু তা সত্ত্বেও দুর্লভ খনিজ ও প্রযুক্তির ক্ষেত্রে বড় শক্তিগুলো অন্যের ওপর নির্ভর করতে চায় না। তাই আমাদের অত্যন্ত পরিকল্পিতভাবে চীন থেকে কিছু বিষয়ের নির্ভরশীলতা কমাতে হবে। এই পথেই আমাদের ভাবতে হবে। ঢেলে সাজাতে হবে পরিকল্পনা।’
সূত্র : আরটি