× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইটান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কানাডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৩:৪৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম

চার দিনের বহুজাতিক অনুসন্ধান শেষে বৃহস্পতিবার টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

চার দিনের বহুজাতিক অনুসন্ধান শেষে বৃহস্পতিবার টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

ডুবোজাহাজ টাইটানের বিস্ফোরণের বিষয়ে শনিবার (২৪ জুন) তদন্ত শুরু করেছে কানাডা। 

টাইটানিকের ধ্বংসস্তুপের কাছে পাঁচজন অভিযাত্রী নিয়ে ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার পর বহুজাতিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) সভাপতি ক্যাথি ফক্স বলেছেন, ‘আমাদের দায়িত্ব হল কী ঘটেছে এবং কেন ঘটেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার সম্ভাবনা বা ঝুঁকি কমাতে কী পরিবর্তন করতে হবে, তা খুঁজে বের করা।’

তিনি নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনসে সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি সবাই উত্তর চায়, বিশেষ করে মারা যাওয়া পাঁচজনের পরিবার এবং জনসাধারণ।’

এই তদন্ত সম্পূর্ণ করতে ১৮ মাস থেকে দুই বছর সময় লাগতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

টিএসবি তদন্তকারীরা শনিবার কানাডার পতাকাযুক্ত পোলার প্রাইস কার্গো জাহাজে উঠেছেন। পরিবহন নিরাপত্তার উন্নতির লক্ষ্যে টিএসবি’র এই নিরাপত্তা বোর্ড নিয়মিতভাবে বিমান, রেল, সামুদ্রিক এবং পাইপলাইন দুর্ঘটনার তদন্ত করে আসছে। 

তবে, এটি দুর্ঘটনার ফৌজদারি দায় নির্ধারণ করে না। তারা শুধু দূর্ঘটনার কারণ অনুসন্ধান করে থাকে।

ইউএস কোস্ট গার্ড বৃহস্পতিবার তাদের উদ্ধার অভিযানের উপসংহারে বলেছে, টাইটানের ‘বিপর্যয়কর বিস্ফোরণের’ পরে এতে থাকা পাঁচজনের সবাই মারা গেছেন।

টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রতলে টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এ ছাড়াও টাইটানের দুঃসাহসিক যাত্রীদের মৃত্যুর ঘটনায় কোন ফৌজদারি আইন ভঙ্গ হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

আরসিএমপি’র নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের সুপারিনটেনডেন্ট কেন্ট ওসমন্ড বলেন, ‘তদন্তকারীদের কাজ হল আরসিএমপি দ্বারা সম্পূর্ণ তদন্তের প্রয়োজন আছে কি না তা নির্ধারণ করা ‘

তিনি আরও বলেন, ‘এই ধরনের তদন্ত কেবল তখনই এগিয়ে যাবে যখন পরিস্থিতির পর্যবেক্ষণে আমরা এমন ইঙ্গিত পাবো যে, সেখানে ফেডারেল বা প্রাদেশিক ফৌজদারি আইন ভঙ্গ করা হয়েছে।’

ওশেনগেটের সহ-প্রতিষ্ঠাতা গুইলারমো সোনলেইন জনগণকে ওই বিপর্যয়কর ক্ষতির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন।

সোহনলেইন শুক্রবার সকালে সিএনএনকে বলেন, ‘সেখানে ঠিক কী ঘটেছে তা জানতে আমাদের অনেক সময় লাগবে। সুতরাং ধৈর্য্য ধরতে উত্সাহিত করব যতক্ষণ না আমাদের কাছে আরও নতুন ও সঠিক তথ্য আসছে।’

এদিকে, ডুবোজাহাজ টাইটান দুর্ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই গভীর সমুদ্র অভিযানের জন্য আবার নতুন পাইলট নিয়োগ করতে চলেছে ওশেনগেট। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডুবোজাহাজের জন্য পাইলট নিয়োগের প্রক্রিয়ার বিষয়টি অনেকটাই এগিয়ে নিয়েছে তারা। এই খবর প্রকাশ্যে আসতেই ওশেনগেটের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

নেটিজেনরা ওশানগেটের সেই বিজ্ঞপ্তির স্ক্রিনশট নিয়ে সমাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। 

বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ায় ওশেনগেট ওই নিয়োগ বিজ্ঞপ্তি সরিয়েও নিয়েছে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সাবমার্সিবল পাইলট, মেরিন টেকনিশিয়ান নিয়োগ কথা বলা হয়েছিল। তবে বিজ্ঞপ্তিটি টাইটান দুর্ঘটনার আগে প্রকাশ করা হয়েছিল, না কি পরে, সে বিষয়টি স্পষ্ট নয়। 

ঘটনাচক্রে, টাইটান দুর্ঘটনার পর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

গত রবিবার (১৮ জুন) ওশেনগেটের ডুবোযান চালকসহ পাঁচ যাত্রীকে নিয়ে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসস্থল পরিদর্শনে গিয়েছিল। গভীর সমুদ্রে অভিযান শুরু করার পৌনে ২ ঘণ্টার মধ্যেই ডুবোজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সহযোগী জাহাজ পোলার প্রিন্সের সঙ্গে। 

তার পর থেকে আর যোগাযোগ করা যায়নি টাইটানের সঙ্গে। চার দিন পর টাইটানিকের ধ্বংসস্থল থেকে ১৬০০ ফুট দূরে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

ইউএস কোস্টগার্ড এবং সমুদ্র বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, পানির চাপে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায় টাইটান। 

এই ঘটনা যখন সারাবিশ্বে সাড়া ফেলে দিয়েছে, ওশেনগেটের পর্যটন এবং ডুবোজাহাজের নিরাপত্তা নিয়ে যখন হাজারো প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় এই সমুদ্র পর্যটনের জন্য ওশেনগেটের পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি বিতর্ক আরও বাড়িয়েছে। যদিও এই বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করা যায়নি।

সূত্র : মেরিটাইম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা