প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৭:১৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৭:৩৭ পিএম
তিউনিসিয়ার বিশিষ্ট সাংবাদিক জিদ এল-হেনি। ছবি : সংগৃহীত
তিউনিসিয়ার বিশিষ্ট সাংবাদিক জিদ এল-হেনিকে আটক করেছে দেশটির পুলিশ।
স্থানীয় মিডিয়া অনুসারে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচকদের অন্যত্তম হলেন এই জিদ এল-হেনি।
রেডিও আইএফএমের একটি দৈনিক অনুষ্ঠানের উপস্থাপক এল-হেনিকে মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে আটক করা হয় বলে জানা গেছে।
এর আগে এক বিচারক তিউনিসিয়ার প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে তাকে হেফাজতে নেওয়ার আদেশ দেন।
সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে সেদিনের আগে পোস্ট করেছিলেন যে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পঞ্চম কেন্দ্রীয় বিভাগের সামনে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয়েছিল।
আইনজীবী ইসলাম হামজা নিউজ আউটলেট আরাবি২১-কে নিশ্চিত করেছেন, জিদ এল-হেনির ফেসবুক পেজটি তখন থেকেই নিষ্ক্রিয় করা হয়েছে।
তিউনিসিয়ান সাংবাদিকদের ন্যাশনাল সিন্ডিকেট একটি প্রভাবশালী সাংবাদিক ইউনিয়ন যার সহপ্রতিষ্ঠাতা এই এল-হেনি।
সাংবাদিক সংগঠনটি বলেছে, এল-হেনিকে তিউনিসের এল-আউইনা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল ক্রাইম স্কোয়াডের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে আইনজীবী উপস্থিত রাখার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।
এল-হেনির আইনজীবী দালিলা বেন এমবারেক রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘এল-হেনিকে আইনজীবীদের অনুপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যা ঘটেছে তা একটি প্রহসন, যা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি।’
সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, ‘কেন এল-হেনিকে তলব করা হয়েছিল এবং অভিযুক্ত করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তার স্বাস্থ্যের অবস্থা ভালো না। তিনি ন্যায়বিচার, আত্মরক্ষার অধিকার এবং ওষুধের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’
এল-হেনি তিউনিসিয়ার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি দেশের প্রেসিডেন্টের বিরোধিতার বিষয়ে সোচ্চার ছিলেন।
সাংবাদিকের গ্রেপ্তার দেশটির সরকারবিরোধীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান নিপীড়নের একটি তরঙ্গের অংশ।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, ডিসেম্বর থেকে তিউনিসিয়ার সরকারের সমালোচক হিসেবে বিবেচিত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা