প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ২১:৫১ পিএম
ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। ছবি : সংগৃহীত
বসনিয়ায় এক প্রাইমারি স্কুলের ভবনের ভেতরে একজন শিক্ষককে গুলি করে
আহত করার অভিযোগে ১৩ বছর বয়সি এক বালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে বুধবার (১৪ জুন) জানিয়েছে, গুরুতর আহত ৩৮ বছর বয়সি শিক্ষক ইসমেত ওসমানভিচ ছোট দেশটির উত্তর-পূর্বের শহর তুজলার লুকাভাক এলিমেন্টারি স্কুলের
সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত। গুলির ঘটনার পরপরই হামলাকারী বালককে আটক করা
হয়।
পুলিশের পক্ষ থেকে সেই বালকের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে
স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ছেলেটিকে এ বছরের শুরুতে অবাধ্য আচরণের জন্য
স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তুজলা ক্যান্টনের (অঞ্চল) শিক্ষামন্ত্রী আহমেত ওমেরোভিচ বলেছেন, হামলাটি
স্কুলের একজন সাবেক ছাত্র করেছে, যাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চলতি সেমিস্টারে
অন্য একটি স্কুলে স্থানান্তর করা হয়েছিল।
এদিকে তুজলা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের প্রধান (চিকিৎসক)
ইগর হুডিক যিনি আহত শিক্ষকের সার্জারি করেছেন, তিনি জানিয়েছেন, গুলির ঘটনায় শিক্ষক
তার ঘাড়ে আঘাত পেয়েছিলেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। যদিও তার জীবনের ঝুঁকি এখনও
রয়ে গেছে।
বসনিয়ায় এ ঘটনা এমন সময় হলো যখন গত মাসেই প্রতিবেশী দেশ সার্বিয়াতে স্কুলে দুটি গোলাগুলির ঘটনায় শিশু-কিশোরসহ ১৭ জন নিহত হয়।
সূত্র : আলজাজিরা