প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৬:২৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৬:৫৮ পিএম
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদস্য অ্যাডাম ডেলিমখানভ। ডেলিমখানভ চেচনিয়ার নেতা রমজান কাদিরভের ডানহাত হিসেবে পরিচিত। ছবি : সংগৃহীত
ইউক্রেনের সেনাদের হামলায় চেচনিয়ার নেতা রমজান কাদিরভের ডানহাত হিসেবে পরিচিত অ্যাডাম ডেলিমখানভ আহত হয়েছেন। অ্যাডাম ডেলিমখানভ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদস্য। পার্লামেন্টের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আরটির বুধবারের (১৪ জুন) একটি প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাডাম ডেলিমখানভ ইউক্রেনের সেনাদের গুপ্ত হামলায় নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে। ইউক্রেনপন্থি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ডেলিমখানভ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
বুধবার ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক কিরিল সাজোনভ জানান, রাশিয়া অধিকৃত ঝাপোরিঝিয়া অঞ্চলে সোমবার (১২ জুন) ডেলিমখানভের গাড়িতে গুপ্ত হামলা চালায় ইউক্রেনের কমান্ডোরা। হামলায় দূরপাল্লার গোলা ব্যবহার করা হয়। এতে অনেকে হতাহত হন।
আরটি জানায়, ৫৩ বছর বয়সি ডেলিমখানভ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে চেচনিয়ার একটা ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন। দনবাসের যুদ্ধে বীরত্বের পরিচয় দেওয়ার জন্য গত বছর তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা দেয় রাশিয়া।
স্টেট দুমার আরেক সদস্য দিমিত্রি কুজনেটসভ জানান, পার্লামেন্টের চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন ডেলিমখানভের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি সুস্থ রয়েছেন।
প্রসঙ্গত, চেচনিয়া রুশ ফেডারেশনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তাদের নিজস্ব সেনাবাহিনী, পার্লামেন্ট, পতাকা ইত্যাদি রয়েছে। অঞ্চলটির নেতা রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত।
সূত্র : আরটি