প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৩:৩০ পিএম
বাড়ির মধ্যেই তৈরি করা পরীক্ষাগারে বেহিস্তা খইরুদ্দিন। ছবি : সংগৃহীত
তালেবান আফগানিস্তান দখলের পরেই ছেদ পড়েছিল মেয়েদের পড়াশোনা এবং চাকুরিতে।
তালেবানদের নির্দেশ অমান্য করে তাদের রক্তচক্ষুর সামনে পড়তে চাননি অধিকাংশ নারীই। তবে অন্য ধাতুতে গড়া সে দেশেরই বাসিন্দা বেহিস্তা খইরুদ্দিন।
২০২১ সালের ১৫ অগস্ট কাবুল দখল করে তালোবান। তারপরই মেয়েদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা জারি করে তারা।
বেহিস্তা তখন মাদ্রাজ আইআইটির পড়ুয়া। পড়াশোনা চালু রাখতে গোপনে বাড়ির মধ্যেই তিনি তৈরি করে ফেলেন একটি পরীক্ষাগার। সেখানেই নিরন্তর গবেষণার কাজ চালিয়ে যান তিনি।
অবশেষে সাফল্য ধরা দেয় তার কাছে। ভারতের কুলীন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন তিনি।
বেহিস্তার লড়াইটা অবশ্য সহজ ছিল না। তালেবান জুজুকে উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ২৬ বছরের এই তরুণী। ভারতীয় দূতাবাসের মাধ্যমে দূরশিক্ষণেই ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নিচ্ছিলেন তিনি।
কিন্তু, তালেবানরা ক্ষমতা দখল করার পরেই আফগানিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নয়াদিল্লি কর্তৃপক্ষ।
তাই মাদ্রাজ আইআইটির নিয়মিত ছাত্রীদের তালিকা থেকেও বাদ যায় বেহিস্তার নাম।
সমস্যা সমাধানে আইআইটির এক অধ্যাপককে ফোন করে সাহায্য চান বেহিস্তা। ওই অধ্যাপকের সাহায্যেই আবার পড়াশোনা শুরু করতে পারেন বেহিস্তা। অবশেষে সব প্রতিকূলতা জয় করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে প্রশংসাপত্র হাতে পেয়েছেন তিনি।
সুদূর আফগানিস্তান থেকেই জানিয়েছেন, দুর্বল ইন্টারনেট, লোডশেডিংয়ের সঙ্গে লড়ে পড়াশোনা করতে হয়েছে তাকে।
ভবিষ্যতে গবেষণায় আসতে চাওয়া বেহিস্তা জানান, পরিবারের সাহায্য ছাড়া তিনি এত দূর আসতে পারতেন না।
তালেবানের উদ্দেশে তার বার্তা, ‘যদি তুমি আমায় আটকানোর চেষ্টা করো, তবে আমি বিকল্প পথ ঠিকই খুঁজে নেব।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া