প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১২:২৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:২০ পিএম
ব্রাজিলের একটি ল্যাবে বার্ড ফ্লুর জন্য নমুনা পরীক্ষা করছেন এক পরিদর্শক। ছবি : বিবিসি
বন্যপাখিদের মধ্যে এভিয়ান ফ্লুতে (এইচফাইভএনওয়ান) ছড়িয়ে পড়ার পর ব্রাজিলে ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রিও ডি জেনিরো রাজ্যে একটি এবং এস্পিরিটো সান্তো রাজ্যে এইচফাইভএনওয়ান সংক্রমণের সাতটি ঘটনা ধরা পড়েছে।
জরুরি ঘোষণা করায় সরকারের পক্ষে এখন অত্যন্ত সংক্রামক এই এইচফাইভএনওয়ান ভাইরাসের ছড়িয়ে পড়া বন্ধ করা সহজ হবে বলে জানা গেছে।
ব্রাজিল হলো বিশ্বের সবচেয়ে বেশি মুরগির মাংস রপ্তানিকারক দেশ। ব্রাজিলের মুরগি বিক্রি করে আয় হয় প্রায় ১০ বিলিয়ন ডলার।
দেশটির কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ ব্রাজিলের মুরগি উৎপাদনের প্রধান এলাকা থেকে অনেক দূরে সংক্রমণের খবরগুলো পাওয়া গেছে।
তবে অতীতে কখনওসখনও বন্যপাখিদের মধ্যে এইচফাইভএনওয়ান ভাইরাসের সংক্রমণের পরে বাণিজ্যিক খামারগুলোয় এর প্রাদুর্ভাব লক্ষ করা গেছে।
তারই সতর্কতা হিসেবে আগামী ১৮০ দিনের জন্য সারা ব্রাজিলে প্রাণিস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
২০২১ সালের অক্টোবর থেকে বিশ্ব বার্ড ফ্লুর সবচেয়ে খারাপ প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে আগের চেয়ে বেশি বন্যপাখির মৃত্যু হয়েছে। কিছু স্তন্যপায়ী প্রাণীও এ রোগে আক্রান্ত হচ্ছে।
বিজ্ঞানীরা এ প্রাদুর্ভাবের কারণ এখনও উদঘাটন করতে পারেননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘এইচফাইভএনওয়ান ভাইরাসের বিস্তার আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেখতে হবে এটি এমনভাবে রূপান্তরিত হচ্ছে কি না; যা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।’
সূত্র : বিবিসি